জাতীয়

সরকারিভাবে এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

ঢাকা, ১৯ জানুয়ারি – দেশে চলমান সংকট ও দাম বাড়ার পরিস্থিতিতে সরকারিভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানান, আমদানির প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে ইতোমধ্যে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হচ্ছে। এখন সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং পরিস্থিতি কিছুটা ভারসাম্যে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আপাতত সরকার শুধু এলপিজি আমদানির কাজেই যুক্ত থাকবে। এলপিজি সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা এখনই নেই। এসব কার্যক্রম আগের মতোই বেসরকারি অপারেটরদের মাধ্যমেই চলবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে এলপিজির সংকট দেখা দেওয়ায় গত ১০ জানুয়ারি বিপিসি এলপিজি আমদানির অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে বলা হয়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটের সময় সরকারিভাবে হস্তক্ষেপ করার সুযোগ খুবই সীমিত। ফলে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবিলায় সরকারের হাতে কার্যকর কোনো উপায় থাকে না। বিপিসির সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার সরকার প্রতিষ্ঠানটিকে এলপিজি আমদানির অনুমতি দিল।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language