জাতীয়

বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে

ঢাকা, ১৬ জানুয়ারি – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, তখন আমি তাঁর জন্য বিভিন্ন কর্মসূচিতে যেতাম। তখন আমি একটি কথা বলতাম— বেগম জিয়া ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন, তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? তাঁর মতে, বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়।

আইন উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে অনেক অসাধারণ গুণ ছিল। তিনি সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন। তাঁর মধ্যে রুচির একটি অবিস্মরণীয় প্রকাশ ছিল এবং তিনি পরমতসহিষ্ণু ছিলেন। আবারও তিনি বলেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ নজরুল বলেন, আল্লাহর কাছে হাজার শোকর যে আজ তাঁরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, আবার ভালোবাসাও প্রকাশ করতে পারছে। তাঁর ভাষায়, এজন্য একজন নেত্রী মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন, আর আরেকজনের জায়গা হয়েছে বিতাড়িত ভূমিতে।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। এ সময় দেশের বিভিন্ন বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language