বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

তেহরান, ১৫ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তার দাবি, ইরানে আবার মার্কিন আগ্রাসনের পরিবেশ তৈরির জন্য ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়াচ্ছে।
গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আব্বাস আরাগচি বলেন, প্রথম ১০ দিন বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এবং তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে। তিনি বলেন, বিক্ষোভের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা শুরু হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
তিনি আরও বলেন, বিশেষ করে গত তিন দিনে যা ঘটছে, তাতে বিক্ষোভের নেতৃত্ব আর শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হাতে নেই। তার ভাষায়, বিক্ষোভ এখন সন্ত্রাসীদের দখলে চলে গেছে এবং এসব সন্ত্রাসীদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সংঘর্ষ হচ্ছে।
ইরানে জাতীয় মুদ্রার দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরেই ভয়াবহ মূল্যস্ফীতি চলছে। খাদ্য, পোশাক, বাসস্থান ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এই অবস্থার মধ্যে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের শুরু হয়।
এরপর অল্প কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিন দিন বিক্ষোভের তীব্রতাও বাড়তে থাকে। বর্তমানে বিক্ষোভকারীদের কারণে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে।
বিক্ষোভ দমনে ইরান ইতোমধ্যে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আরও হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানে হতাহতের ঘটনা ঘটছে— এটি স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তবে তিনি বলেন, বিশ্বজুড়ে যে সংখ্যা প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। ফক্স নিউজকে তিনি বলেন, কিছু মানুষ নিহত হয়েছেন ঠিকই, কিন্তু সেই সংখ্যা কোনোভাবেই কয়েক শ’র বেশি নয়। তার দাবি, বাইরে যে বিপুল সংখ্যক হতাহতের কথা বলা হচ্ছে, তা গুজব এবং ইসরায়েলের চক্রান্ত। ইরানে আবার সামরিক হামলার পটভূমি তৈরির জন্য পরিকল্পিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬








