জাতীয়

গণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে

ঢাকা, ১৪ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ জয়ী হলে পুরোনো শাসনব্যবস্থাই বহাল থাকবে এবং এতে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখছি একটি বিশেষ দল “না”-এর পক্ষে অবস্থান নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, “না” পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও দেশের ভবিষ্যতের কথা ভেবে গণভোটে “হ্যাঁ” ভোট দিন।’

তিনি দাবি করেন, ‘না’-এর পক্ষে যারা কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ জয়ী হলে যে ক্ষমতায় আসবে, সে স্বৈরাচারী হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, এবারের ভোট আগামী ৫০ বছরের জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুযোগ।

এনসিপি আহ্বায়ক বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে। তিনি আওয়ামী লীগের অতীত শাসনামলের সমালোচনা করে বলেন, ‘১০ টাকায় চাল দেওয়ার স্লোগান দিয়ে দেশকে ছারখার করা হয়েছে। সস্তা প্রচারণা দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।’

অনুষ্ঠানে দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সারা দেশে আজ থেকেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এনসিপির প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে এনসিপি আজ ‘গণভোটের গাড়ি’ উদ্বোধন করেছে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চালু হওয়া এই গাড়ি নির্বাচনের আগ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করবে।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language