সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিমান হামলা

দামেস্ক, ১১ জানুয়ারি – সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়।
সেন্টকমের তথ্যমতে, ‘অপারেশন হকআই স্ট্রাইক’–এর অংশ হিসেবে এ হামলা চালানো হয়, যা গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার জবাব। অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ দমন এবং অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, ‘আমাদের বার্তা স্পষ্ট—আমাদের সেনাদের ক্ষতি করলে আমরা অপরাধীদের খুঁজে বের করব এবং যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বিবিসির সহযোগী সিবিএস নিউজকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যে জানা গেছে, অভিযানে ২০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়। ব্যবহৃত বিমানগুলোর মধ্যে ছিল এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান।
হামলার নির্দিষ্ট স্থান ও হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক্সে লেখেন, ‘আমরা কখনো ভুলব না, কখনো থামব না।’
উল্লেখ্য, গত ডিসেম্বরে সিরিয়ার পালমিরায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর ‘অপারেশন হকআই স্ট্রাইক’ ঘোষণা করা হয়। সেন্টকম জানিয়েছে, ২০ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে এ অভিযানের আওতায় পরিচালিত ১১টি অভিযানে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করা হয়েছে।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









