জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ০৯ জানুয়ারি – দেশের মানুষ জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যার শিকার হচ্ছেন, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে খুন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি মূলত একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। সফরের অংশ হিসেবে তিনি নিজের জেলা বগুড়া, রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর, দিনাজপুরে নানীর কবর এবং ঠাকুরগাঁওয়ে কয়েকজন শহিদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত একটি গণদোয়ায় অংশ নেবেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোও তার দায়িত্বের অংশ বলে জানান তিনি।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় ঢাকায় লক্ষাধিক মানুষ তাকে সংবর্ধনা জানায়। এখন তিনি বিভিন্ন জেলায় গেলে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্ররাজনীতি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না—এমন মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, এবারও এর ব্যতিক্রম হবে না।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের দাবি বিএনপি আগেই তুলেছিল। সংসদের যেসব সংস্কার নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো দীর্ঘদিনের দাবি এবং ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এতে ‘না’ বলার কোনো কারণ তিনি দেখছেন না।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language