ব্যবসা

কাঁচাবাজারে সবজির দাম কমলেও চাপ বেড়েছে চাল-ডালে

ঢাকা, ০৯ জানুয়ারি – রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে, এতে স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। অধিকাংশ শীতকালীন সবজি এখন কেজিতে ৪০–৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে চাল ও ডালের বাজারে—সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুলা কেজি ২৫–৩০ টাকা, শালগম ৩০–৪০ টাকা এবং গোল ও লম্বা বেগুন ৩০–৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টি কুমড়া কেজি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০–৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। দেশি গাজর ৪০ টাকা কেজি, কাঁচকলার হালি ৪০ টাকা এবং ছোট লাউ ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুঁটির দাম কমে কেজি ১০০ টাকায় নেমেছে। তবে পাকা টমেটো ও কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি—কেজিতে যথাক্রমে ৯০–১০০ টাকা ও ১০০–১২০ টাকা।

অন্যদিকে, চাল ও ডালের দামে ঊর্ধ্বগতি। দেশি (ছোট দানা) মসুর ডালের দাম সপ্তাহে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৩–৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল এখন কেজিতে ৭০ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি নাজিরশাইল ৭২–৮৫ টাকা এবং আমদানি করা নাজিরশাইল ৭৫–৭৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, নতুন আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার সময় সাধারণত পুরোনো চালের দাম সামান্য বাড়ে। তবে এবার নতুন চাল পুরোপুরি বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩–৪ টাকা বেড়েছে, যা নতুন চাল এলে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language