ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে কলকাতা

ঢাকা, ০৯ জানুয়ারি – মৃদু শৈত্যপ্রবাহে বাতাসের স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকায় বায়ুদূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বাড়ায় আজ শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সোয়া ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৮। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বাদশ।
একই সময়ে দূষণে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ২৩০ ও ২১১। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৯৬), এরপর ভিয়েতনামের হ্যানয় (১৯৩) ও পাকিস্তানের লাহোর (১৮৩)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









