বিশ্ববাজারে কমলো সোনা ও রুপার দাম, দেশে ভরি কত?

ঢাকা, ০৭ জানুয়ারি – বিশ্ববাজারে বুধবার (৭ জানুয়ারি) সোনা ও রুপার দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির প্রভাবে বিনিয়োগকারীরা নতুন করে অবস্থান মূল্যায়ন করায় দাম নিম্নমুখী হয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম আউন্সপ্রতি ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৪৬১ দশমিক ৫১ ডলারে। একই সঙ্গে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ৫ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে অনেক বিনিয়োগকারী স্বল্পমেয়াদি মুনাফা তুলে নিচ্ছেন। পাশাপাশি ভেনেজুয়েলা পরিস্থিতি পুনর্মূল্যায়নের প্রভাবও বাজারে পড়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দুই দেশের সম্পর্ক নিয়ে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে।
ডলার দুই সপ্তাহের বেশি সময় ধরে শক্ত অবস্থানে থাকায় ডলারে মূল্য নির্ধারিত সোনা ও অন্যান্য ধাতু কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে। এদিকে ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান চলতি বছর সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথা বললেও রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দিয়েছেন। বাজারে এ বছর দুই দফা সুদহার কমার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম আউন্সপ্রতি ২ দশমিক ৩ শতাংশ কমে ৭৯ দশমিক ৪০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ২,২৯৭ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ১,৭৪০ দশমিক ১২ ডলারে লেনদেন হয়েছে।
এদিকে দেশীয় বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারিত রয়েছে। ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬









