জাতীয়

নতুন বছরের প্রথম ৬ দিনেই দেশে এলো ৭৭ কোটি ডলার রেমিট্যান্স

ঢাকা, ০৭ জানুয়ারি – সদ্য বিদায়ী বছরের ধারাবাহিকতা ধরে নতুন বছরেও দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম ছয় দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৭ কোটি মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৮৩ লাখ ডলার।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারির প্রথম ছয় দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সারাবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language