জাতীয়

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের নজরদারিতে রেখেছে সরকার

ঢাকা, ০৭ জানুয়ারি – নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানো ব্যক্তিদের সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কর্মকাণ্ড সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

প্রেস সচিব বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি আয়োজন—শরিফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা—কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আস্থা আরও দৃঢ় হয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে অযৌক্তিক সন্দেহ ছড়ানোর কোনো বাস্তব ভিত্তি নেই।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনে নিবন্ধন শেষ হওয়া পর্যন্ত দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন, যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন বা ভোটের দিন নিজ এলাকায় থাকতে পারবেন না। আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যায়, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের গড় হার প্রায় ২ দশমিক ৭ শতাংশ। সেখানে বাংলাদেশ প্রথম বছরেই ৫ শতাংশের বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে, যা নির্বাচন কমিশন ও সরকারের জন্য বড় সাফল্য।

তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি প্রায় সম্পন্ন। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রায় ৭০ শতাংশের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রেস সচিব জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থাকে সরকার নির্বাচন ব্যবস্থার একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছে। এ মডেলটি আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ এই ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করছে। শ্রীলঙ্কা ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও সাম্প্রতিক সাক্ষাতে বাংলাদেশের পোস্টাল ব্যালট মডেলের প্রশংসা করেছেন বলে জানান তিনি।

এ সময় তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language