শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে ১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

ঢাকা, ০৬ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে আসবেন এবং পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন, যা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়।
এদিকে কক্সবাজার সফরে এসে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন— এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, ‘স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে বিএনপির একনিষ্ঠ কর্মী জাগির হোসেন নির্মমভাবে নিহত হন। আমাদের নেতা তারেক রহমান আশা করি তার দুই এতিম সন্তানসহ পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ারতে উখিয়ায় আসবেন। এটি আমাদের জন্য বড় একটি প্রাপ্তি হবে।’
এর আগে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়া সফরের কথা রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানের। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কর্মসূচিও রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর তিনশ ফিট এলাকায় লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকার একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









