ব্যবসা

একদিনের ব্যবধানে বাড়ল সোনার দাম

ঢাকা, ০৬ জানুয়ারি – আরও এক দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের সোনার দাম বেড়ে প্রতি ভরি দুই লাখ ২৭ হাজার ৮০০ টাকা ছাড়িয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বিশ্বব্যাপী স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৫ ডলারে দাঁড়িয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language