দেশজুড়ে শীত ও ঘন কুয়াশা, কয়েকদিন ব্যাহত হতে পারে সড়ক-নৌ-আকাশপথ

ঢাকা, ০৪ জানুয়ারি – দেশজুড়ে শীতের তীব্রতা এখনও চলছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ চলার পাশাপাশি ঘন কুয়াশাও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক পথে চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামীকাল সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ০৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬









