জাতীয়

আজ বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা

ঢাকা, ২৮ ডিসেম্বর – রাজধানী ঢাকার আকাশ আজ ধোঁয়াশা আর দূষণে আচ্ছন্ন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, দূষিত বাতাসের তালিকায় ঢাকা বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ঢাকার বায়ুর মানের স্কোর এখন ২১৪, যা পরিবেশবিদদের মতে ‘খুবই অস্বাস্থ্যকর’ একটি পর্যায়। প্রতিদিনের যাতায়াতে নগরবাসী এখন নিশ্বাসের সাথে গ্রহণ করছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

তালিকায় ৩৮৬ স্কোর নিয়ে সবার ওপরে রয়েছে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান বর্তমানে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। দিল্লির বাতাস এতটাই বিষাক্ত যে সাধারণ মানুষের জন্য বাইরে বের হওয়াই দায় হয়ে পড়েছে। তালিকার তিন ও চার নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি। দক্ষিণ এশিয়ার এই শহরগুলোর বায়ুদূষণ এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বায়ুর মান মাপার সূচকে স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকা এই ক্যাটাগরিতে থাকায় শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঘরের বাইরে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে সেই বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়, যা বর্তমানে দিল্লিতে বিরাজ করছে। শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসকে কেবল ‘ভালো’ বলা যায়, যা এখনকার বাস্তবতায় ঢাকার মানুষের কাছে অলীক কল্পনা।

বায়ুদূষণ রোধে সম্প্রতি পরিবেশ উপদেষ্টার পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। কলকারখানা ও যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শীতের সকালে কুয়াশার সাথে ধোঁয়াশা মিশে তৈরি হওয়া এই বিষাক্ত গ্যাস জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language