ইসির রোববারের বৈঠকে উঠছে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি

ঢাকা, ২৭ ডিসেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, গুলশান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে তপশিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার। সে বিবেচনায় তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও স্বাক্ষর) গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলেও তপশিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি রোববার কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫









