জাতীয়

পৃথিবীর যেকোনো আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে

ঝিনাইদহ, ২১ নভেম্বর – জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে যে সাক্ষ্যপ্রমাণ এসেছে, তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবে অভিযুক্তরা দোষী এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে এরাই জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছে, তেমনি আইনের শাসনের দিকেও নজর দেওয়া হচ্ছে, যাতে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়।

আসাদুজ্জামান নিরপরাধ মেজর সিনহা হত্যা মামলায় পুলিশি দুর্বৃত্তায়নকে তুলে ধরেন এবং জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই মামলার বিচার নিশ্চিত করতে পেরেছে। একইভাবে, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ট্রাইব্যুনালের রায় নিয়ে নানা সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা আসামিদের সর্বোচ্চ শাস্তি দেখছেন। আর আমি দেখেছি, শেখ হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি, ৩০ হাজার মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে।

তিনি প্রশ্ন তোলেন, কাজেই, শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়। আপনারা যারা সমালোচনা করেন, তারা কি এগুলো দেখেননি?

শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের শিক্ষক সৈয়দা আতিকুর নাহার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language