জাতীয়

৪৯তম বিসিএস পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিল সরকার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি হলে একযোগে অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা।

পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রে একজন করে মোট ১৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক পরীক্ষার সময়, পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যকরভাবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টায় সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language