জাতীয়

গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে গণভবনে

ঢাকা, ০৪ জুন – গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, গুমের নির্যাতনের ভয়াবহতা নিয়ে জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে।

তিনি বলেন, যারা গুম হয়েছেন, তাদের ব্যাপারে আশু করণীয় বিষয় কী কী, তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে।

প্রেস সচিব বলেন, র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত। র‍্যাবের ইন্টেলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৪ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language