সিলেট

সিলেটে বিপৎসীমা ছাড়ালো সুরমা-কুশিয়ারা, বৃষ্টিপাতে রেকর্ড

সিলেট, ০১ জুন – টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে সিলেটের নদ-নদীর পানি হঠাৎ করেই বেড়ে গেছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রোববার (১ জুন) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের পাঠানো সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপরে এবং কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জ উপজেলার আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টায় এই দুই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচে ছিল—সুরমা ২৯ সেন্টিমিটার ও কুশিয়ারা ১৮৭ সেন্টিমিটার নিচে। মাত্র এক রাতেই পরিস্থিতি পাল্টে গেছে।

এছাড়া সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে থাকলেও অন্যান্য পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় বৃষ্টির যে পরিমাণ দেখা গেছে, তা এই বর্ষা মৌসুমে এর আগে হয়নি। ভারী বর্ষণে নগরের উপশহর, দক্ষিণ সুরমাসহ বেশ কয়েকটি এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল।

পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশন একটি কন্ট্রোল রুম চালু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language