সিলেট

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু

সিলেট, ২২ জুন – সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মাজার প্রাঙ্গণে রাখা সিলগালা করা ডেকচি ও দানবাক্সের ঢাকনা খুলে এই কার্যক্রম শুরু করা হয়।

বিরল এই উদ্যোগকে কেন্দ্র করে মাজার এলাকায় সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। যোহরের নামাজের পর সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম মাজার প্রাঙ্গণে পৌঁছে এসব দানবাক্স ও ডেগের তালা খোলেন।

এসময় তার উপস্থিতিতে ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্থ বের করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে টাকা গণনার কাজ চলছে। মাজারের ডেক ও দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা পর্যন্ত এই গণনা কার্যক্রম চলছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, গণনার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর প্রাপ্ত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ১২ জুন মাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরে ১৮ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে বড় একটি প্রধান দানবাক্সসহ কয়েকটি ছোট দানবাক্সও স্থাপন করা হয়।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language