জাতীয়

ইসির নিবন্ধন চায় এনডিপি

ঢাকা, ২৫ মে – যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জানিয়েছে।

রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের চেয়ারম্যান মো. আবু তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।

এনডিপি চেয়ারম্যান বলেন, ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। অতীতে নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দেয়নি। যদিও নির্বাচন কমিশনের সব ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছিলাম তারপরও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।

আবু তাহের বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতাকর্মী সড়কে ছিল, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল- এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন চাচ্ছি।

এসময় দলের মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম মেম্বার মুসা মন্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language