ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে ফিরেছেন রাবাদা

প্রিটোরিয়া, ০৫ মে – আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আইপিএল দল গুজরাট টাইটান্স কিংবা তার ব্যক্তিগত তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিয়েছেন প্রোটিয়া এই পেসার। এর প্রায় এক মাস পর নীরবতা ভাঙেন রাবাদা নিজেই।

তখন রাবাদা জানিয়েছিলেন, নিষিদ্ধ মাদক গ্রহণ করে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি। তিন মাসের সেই নিষেধাজ্ঞা কমিয়ে নিয়ে আসা হয় এক মাসে। এক মাস পেরিয়ে যাওয়ায় আবারো সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এই পেসার।

ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরতে পারেন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলা রাবাদা।

গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন রাবাদা। তিনি জানান, মূলত বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছিলেন তিনি।

তবে সেটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ঔষধ ছিল না। আর ঠিক এই কারণেই তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছে।

এ নিষেধাজ্ঞার খবর দিয়ে রাবাদা বলেছিলেন, ‘আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ– একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি।’

‘ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনই হালকাভাবে নেইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবার এই প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language