চট্টগ্রাম

আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু

চট্টগ্রাম, ১৬ এপ্রিল – কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের এক বগিতে আগুন দেখে লাফিয়ে পড়ে এক দম্পতি আহত হয়েছেন। এতে তাদের ৮ মাস বয়সী শিশুসন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চট্টগ্রামের লোহাগাড়া রশিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কক্সবাজার সদর পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাংগুর ঘোনা এলাকার সোলতান আহমদের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২০)।

লোহাগাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের ‘ড’ বগিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ধোঁয়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনের যাত্রী ও কর্মচারীদের প্রচেষ্টায় লোহাগাড়া স্টেশনে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণ আসে। পরে স্বাভাবিক হয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে অন্ধকারে চিৎকার শোনা যায়। টর্চলাইটের আলো জ্বালিয়ে শিশুসন্তানকে কোলে জড়িয়ে থাকা অবস্থায় ওই দম্পতিকে দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, রাতে কয়েকজন যুবক দুর্ঘটনায় আহতাবস্থায় তিনজনকে নিয়ে আসেন। ৮ মাস বয়সী শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মো. জাহেদ হোসেন বলেন, প্রবাল এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে পড়া এক শিশু নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মরদেহের সুরতহাল করেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language