নারায়নগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় আরও এক মৃত্যু, মোট চার

ঢাকা, ১১ মার্চ – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান মো. সোহাগ (২৩)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার-এ দাঁড়িয়েছে। এর আগে তার স্ত্রী রূপালী (২০) ও ১৮ মাস বয়সী মেয়ে সুমাইয়া আগুনে দগ্ধ হয়ে মারা যান।

নিহত মো. সোহাগ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। আগুনে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

গত ৩ মার্চ (সোমবার) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যানবাড়ি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, হান্নান (৪০), রূপালি (২০), সুমাইয়া (১ বছর ৬ মাস) ও সোহাগ (২৩)।

এছাড়া দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, সাব্বির (১২), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)।

আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, বেঁচে থাকা দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ দুর্ঘটনার তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন লিকেজের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১১ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language