ক্রিকেট

ম্যাচ হেরে যেই ভুল স্বীকার করলেন শান্ত

ঢাকা, ২১ জুন – নিজেদের ইনিংসে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পথে হাঁটতে থাকা বাংলাদেশ থেমে গেছে ১৪০ রানে। অল্প রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারকুটে খেলতে থাকে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।

তবে ম্যাচ চলাকালীন দুই বার হানা দেয় বৃষ্টি। প্রথমবার বৃষ্টি থামলেও দ্বিতীয়বারের পর আর খেলা শুরু করা যায়নি। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস বা ডিএলএস মেথডে ২৮ রানের জয় নিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া।

ম্যাচে শেষে নিজেদের ফিনিশিং ভালো না হওয়ার আক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, বাংলাদেশের অন্তত ১৭০ রান করা দরকার ছিল। তাহলে অসিদের বিপক্ষে জয়ের সম্ভবনা থাকতো।

শান্ত বলেন, ‘উইকেট ভালোই দেখাচ্ছিল। একটু ধীরগতির ছিল। কিন্তু আমাদের ১৭০ রান করা উচিত ছিল, যেটা আমি অনুভব করেছি। এমন দলের বিপক্ষে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে খেলতে হবে। যেমন, আমরা রিশাদকে ৪ নম্বরে তুলেছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম।’

বিশ্বকাপে প্রথমবারের মতো আজ অসিদের বিপক্ষে রান পেয়েছেন শান্ত। ৩৬ বলে ৪১ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

এ বিষয়ে শান্ত বলেন, ‘দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং আমি এটি করতে পছন্দ করি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, সামনের ম্যাচে (ভারতের বিপক্ষে ম্যাচে) আরও অবদান রাখতে পারবো। আমি মনে করি, আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, টপঅর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে রান করতে পারছিলাম না।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language