তিন বছর অবরোধের পর কাতারের সঙ্গে সৌদি আরবের চুক্তি

রিয়াদ, ৫ জানুয়ারি- তিন বছর অবরোধের পর কাতারের সঙ্গে সৌদি আরবের সংহতি ও স্থিতিশীলতার চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের আল-উলা শহরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে সোমবার সৌদি আরব সাড়ে তিন বছর আগে আরোপ করা অবরোধ তুলে নিয়ে কাতারের সঙ্গে ফের যোগাযোগ চালু করার ঘোষণা দেয়।
২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।
সংহতি ও স্থিতিশীলতার চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, এটি সমন্বিত উপসাগীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
জিসিসি সভায় চুক্তিতে মধ্যাস্থতা করায় যুক্তরাষ্ট্র ও কুয়েতকে ধন্যবাদ জানান সৌদি যুবরাজ।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুটি নথিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় নেতা স্বাক্ষর করেন। সৌদি শহরের যে অঞ্চলে চুক্তিটি সম্পন্ন হয়েছে তার নামানুসারে আল-উলা ঘোষণাপত্র নাম রাখা হয়। তবে চুক্তিতে কী রয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন : সৌদি-কাতার জট খুলছে, সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব
এর আগে স্থানীয় সময় সকালে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেখানে তাকে উষ্ন অভ্যর্থনা দেওয়া হয়।
উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলোর নেতারাও সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে গেছেন। ৪১তম এই জিসিসি সম্মেলন আয়োজন করা হয়েছে আল-উলা শহরে।
সূত্র: যুগান্তর
আর/০৮:১৪/৫ জানুয়ারি









