লক্ষীপুর

পানি নিয়ে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০

লক্ষ্মীপুর, ১৬ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি নিয়ে সংঘর্ষে বর-কনেসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দিন মোহাম্মদের ছেলের সঙ্গে দুই বছর পূর্বে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। ১৩০ জন বরযাত্রীর যাওয়ার কথা থাকলেও কনে পক্ষের দাবি তারা আরও বেশি অতিথি যান। এ নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

একপর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে তা দিতে দেরি হওয়ায় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করে। এ নিয়ে দুপক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুপক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে রাসেল, জহির, পারভীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কনের মামাতো ভাই হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে সদর মডেল থানার উপপরিদর্শক আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বর ও কনের বাবাসহ উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। উভয়পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৬ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language