ঢালিউড

শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী

ঢাকা, ৩০ অক্টোবর – ‘ডেড বডি’ নামে একটি ছবির শুটিংয়ে বান্দরবান গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সংবাদমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এমডি ইকবাল।

জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওমর সানীকে সাপে কামড় দিয়েছে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। তবে বর্তমানে শঙ্কামুক্ত ওমর সানী। সুস্থভাবে ফের শুটিংয়ে অংশ নিয়েছেন বলেও জানান ইকবাল।

এমডি ইকবাল পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘কিল হিম’। এ ছবিতে অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করেছিলেন। এবার তার পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা ওমর সানী। যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এ ছবিতে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায় এনি। ঢাকায় ছবিটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে।

‘ডেড বডি’ ছবি প্রসঙ্গে এমডি ইকবাল গণমাধ্যমকে বলেন, এটি আধুনিক একটি ভৌতিক ঘরানার ছবি। তবে এর মাঝে রোমান্স, অ্যাকশন, কমেডি সবই থাকবে। এটার যে গল্প, বাংলাদেশে এ ধরনের গল্প নিয়ে কখনো ছবি তৈরি হয়নি। অনেক দিন ধরেই এ ছবির প্রস্তুতি নিচ্ছি। ছবিতে চরিত্র অনুযায়ী কাস্টিং করেছি। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে।

আইএ/ ৩০ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language