মডেলিং

প্লাস্টিক সার্জারিতেই বিপত্তি, অকালে প্রাণ গেল অভিনেত্রীর

বুয়েনোস আইরেস, ০৩ সেপ্টেম্বর – অল্প বয়সে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিলভিনা লুনা। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিবারের সম্মতিতেই তা সরিয়ে দেওয়া হয়। মৃত্যুর সময় লুনার বয়স ছিল ৪৩।

কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারন করে। এ অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না।

এদিকে লুনার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা।

আইএ/ ০৩ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language