বলিউড

শাহরুখের সততা নিয়ে সন্দিহান কাজল! অভিনেত্রীর মন্তব্যে বিস্মিত অনুরাগী মহল

মুম্বাই, ১৭ জুলাই – বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বয়স তিন দশকের বেশি। গত ৩০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে দর্শক ও অনুরাগীদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম দেখেননি কাজল। তার অন্যতম প্রিয় বন্ধু বলিউডের বাদশা শাহরুখ খানের কয়েক দশকের বন্ধুত্ব। একে অপরের সাফল্যে তারা আনন্দিত হন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকেন। তা সত্ত্বেও সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন এ অভিনেত্রী।

দীর্ঘ চার বছরের বেশি সময় পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় দেখা গেছে বলিউড বাদশাকে। যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাতে তাকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। দেশ ও বিদেশের বক্স অফিস মিলিয়ে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। আর এ পরিসংখ্যান নিয়েই ধন্দে পড়েছেন কাজল। সত্যিই কি এ সিনেমাটি ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে? বন্ধু শাহরুখকে এ প্রশ্নই করতে চান কাজল।

কাজলকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, শাহরুখকে কী প্রশ্ন করতে চান তিনি। উত্তরে কাজল বলেন, ‘আমি শাহরুখকে জিজ্ঞাসা করব ‘পাঠান’ আসলে কত টাকার ব্যবসা করেছিল?’ আর এ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যিই ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক, উঠেছে এ প্রশ্নও!

বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি পা রেখেছেন কাজল। গত ১৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। যেখানে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে টলিপাড়ার অভিনেতা যিশু সেনগুপ্ত তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

আইএ/ ১৭ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language