কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নির্যাতনে কিশোরের মৃত্যু

কক্সবাজার, ১০ অক্টোবর- কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরসা গ্রুপের নির্যাতনের শিকার হয়ে জিয়াবুল হক (১৪) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই কিশোর ক্যাম্পের ই-ব্লকের ৫৮ নম্বর শেডের আশ্রিত রোহিঙ্গা আরিফুল্লার ছেলে।
রেজিস্টার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ জানান, ওই রোহিঙ্গা কিশোরকে মঙ্গলবার আরসা গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করে চরম নির্যাতন চালায়। বৃহস্পতিবার কুতুপালং ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান রোহিঙ্গা কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৯ দিনের সংঘটিত ঘটনায় ক্যাম্পে মুন্না এবং আরসা গ্রুপের ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন স্থানীয় গাড়িচালক। এ ঘটনায় প্রায় শতাধিক রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু আহত হয়েছে৷
সূত্র: যুগান্তর
আর/০৮:১৪/১০ অক্টোবর









