মন্দিরে শরীর প্রদর্শনের ঘটনায় কঙ্গনার ক্ষোভ

মুম্বাই, ২৭ মে – বিতর্ক মানেই কঙ্গনা রানাউত! সে রাজনৈতিক হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। কঙ্গনা নিজের পেশার থেকে বেশি চর্চায় থাকেন বিতর্কের কারণে। সেই নিয়ে বারংবার আইনি ঝামেলাতেও জড়িয়েছেন অভিনেত্রী। কঙ্গনা এবার জনৈকর পাশে দাঁড়িয়ে একহাত দিলেন এক তরুণীকে। সেই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। ট্রোলের মুখেও পড়তে হচ্ছে নায়িকাকে।
শর্টস পরে মন্দিরে যাওয়া এক মেয়েকে তুলোধনা করলেন কঙ্গনা। হিমাচলের বৈজনাথ মন্দিরে পৌঁছেছিলেন ওই তরুণী। সেখানে ক্রপ টপ এবং শর্টস পরে দেখা মিলল ওই মেয়ের। পাশে দাঁড়ানো অপর এক তরুণীর পরনে জিন্স আর গায়ে শাল জড়ানো। সেই ছবি শেয়ার করে ওই নেটিজেন লেখেন, ‘এটা হিমাচলের বিখ্যাত শিব মন্দির বৈজনাথের দৃশ্য। বৈজনাথ মন্দিরে পৌঁছেছেন নাকি কোনও পাব বা নাইটক্লাবে গিয়েছেন? তা বোঝা দায়। এই ধরনের লোকজনকে কোনওভাবেই মন্দিরের ভিতর প্রবেশ করতে দেয়া উচিত নয়। আমি এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। এসব দেখে আমার ভাবনাকে যদি ছোট বা সেকেলে বলা হয়, তাও আমি মেনে নিতে রাজি।’
সেই টুইটের সঙ্গে সহমত পোষণ করে কঙ্গনা লেখেন, ‘এগুলি পশ্চিমের পোশাক, যা ব্রিটিশরা তৈরি করেছেন। একবার আমি ভ্যাটিকানে শর্টস, টি-শার্ট পরে গিয়েছিলাম। আমাকে পোশাক বদলাতে হোটেল ফিরতে হয়েছিল। রাতের পোশাক পরে এভাবে মন্দিরে আসা যায় না। আমি মনে করি এইসব বোকাদের জন্য কঠোর নিয়ম থাকা উচিত।’
আইএ/ ২৭ মে ২০২৩









