ব্যবসা

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

ঢাকা, ৩১ জানুয়ারি – ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ মঙ্গলবার। এদিন বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান বাণিজ্য মেলার।

মেলার সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীরা আবেদন করলেও কিন্তু নির্ধারিত সময়েই মেলা শেষ করতে যাচ্ছে আয়োজক সংস্থা।

এ বিষয়ে আয়োজক সংস্থার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, মেলায় দর্শনার্থীর উপস্থিতি আগের বারের চেয়ে বেশি ছিলো। বলতে পারি প্রত্যাশার চেয়ে বেশি আগমন হয়েছে। মেলার শুরুতে ভিড় কম থাকলেও শেষের দিকে দর্শনার্থীর চাপ অনেক বেশি ছিলো। বিশেষ করে শেষ সপ্তাহের ছুটির দিনগুলোতে মেলায় প্রচুর ক্রেতা-দর্শনার্থী এসেছে।

ব্যবসায়ীদের সময় বাড়ানোর আবেদন ছিলো। যেহেতু নির্ধারিত সময়ে মেলা শুরু হয়েছে, তাই সময় বাড়ানো হয়নি জানিয়ে ইপিবি ভাইস চেয়ারম্যান বলেন, আজ বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। অনুষ্ঠানে মেলার বেচাবিক্রি বিদেশি ক্রয়াদেশসহ বিভিন্ন বিষয় অবস্থা তুলে ধরা হবে।

তবে মেলার প্রবেশপথ বা গেটের ইজারা পাওয়া প্রতিষ্ঠান আবদুল্লাহ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী স্থানীয় রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া জানান, এবার মেলায় মোটামুটি দর্শনার্থী ছিলো। তবে প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী আসেনি। একই কথা জানিয়েছেন অংশ নেয়া ব্যবসায়ীরা। তাদের দাবি, শেষ সময়ে কিছুটা বেচাবিক্রি হলেও লক্ষ্য পূরণ হয়নি। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন তারা।

গত ১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়। আগে বাণিজ্য মেলা রাজধানীর শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণ মেলার জন্য জায়গা নির্ধারিত হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language