হানিফ ফ্লাইওভারে ‘অদৃশ্য’ সুতা আতঙ্ক, অল্পের জন্য রক্ষা

ঢাকা, ১৭ নভেম্বর – রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গলায় সুতা পেঁচিয়ে শামসুল হক এহেতেশাম (৫১) নামের এক ব্যক্তির গলা কেটে গুরুতর আহত হয়েছেন। তাকে একজন পথচারী উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক অস্ত্রোপচার শেষে নাক-কান-গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
আহত শামসুল হক বলেন, বুধবার (১৬ নভেম্বর) বিকেলের দিকে টিকাটুলি থেকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সায়দাবাদ সড়ক জনপথ বরাবর আমার গলায় সুতা পেঁচিয়ে যায়। কোনও কিছু বোঝার আগে কিছু দূরে গিয়ে আমি টের পাই গলায় জ্বালাপোড়া হচ্ছে। তখন ব্রেক করে আমি রাস্তার পাশে বসে পড়ি। আমার এই অবস্থা দেখে এক পথচারী ভাই ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, আমার গলায় যে সুতা পেঁচিয়েছে, সেটা অনেক ধারালো ছিল। আল্লাহ রক্ষা করেছেন, আমার মস্তক বিচ্ছিন্ন হয়নি। এটা দেখা যায়নি। তবে ঘুড়ির সুতা কিনা সেটা আমি বলতে পারছি না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গলায় সুতা পেঁচিয়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সূত্র: রাইজিংবিডি
এম ইউ/১৭ নভেম্বর ২০২২









