নাটক

অভিনেতা মাসুম আজিজ লাইফ সাপোর্টে

ঢাকা, ১৩ অক্টোবর – একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ হাসপাতালে ভর্তি আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে।

বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান।

জানা যায়, গত সপ্তাহ থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন মাসুম আজিজ। কয়েক বছর ধরে ক্যানসারে ও হৃদ্‌রোগে ভুগছেন এ অভিনয়শিল্পী।

মঞ্চ ও টিভি নাটকের বর্ষীয়ান অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।

অভিনেতা ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। এছাড়া ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।

‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন তিনি। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়।

এম ইউ/১৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language