বলিউড

যা থাকছে রণবীর-আলিয়ার বিয়ের মেনুতে

মুম্বাই, ১০ এপ্রিল – অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে তাদের বিয়ের আসর বসছে। মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাত পাকে ঘুরবেন।

বিয়ে কোথায় হচ্ছে সেটি জানার পর থেকে বিয়ের দিন তারা কী পরবেন, অতিথি কারা থাকবেন, হানিমুনে কোথায় যাবেন-সবকিছু নিয়ে প্রবল জল্পনা-কল্পনা। এবার সেই চর্চায় যোগ হয়েছে তাদের বিয়ের মেনু।

কাপুর পরিবার ভোজনরসিক। তারা খেতে যেমন ভালোবাসে, খাওয়াতেও তেমনই ভালোবাসে। তাদের পরিবারের ছেলের বিয়েতে থাকছে এলাহি খাবারের আয়োজন। বিয়ের রান্নার জন্য দিল্লি এবং লখনউ থেকে তারকা শেফকে আনছেন রণবীরের মা নীতু কাপুর। বিরিয়ানি থেকে কাবাবের হরেক রকম পদ পরিবেশন করবেন তারা।

এ ছাড়াও রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি আপ্যায়নে দেশ-বিদেশের নানা ক্যুইজিনের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ইতালিয়ান, মেক্সিকান, চায়নিজ, থাই, পাঞ্জাবি, মোগলাই, আফগানিসহ আরও নানা ঘরানার খাবারের স্বাদ নিতে পারবেন নিমন্ত্রিতরা।

এদিকে আলিয়া ‘ভেগান’। আর তাই ভেগানদের কথা মাথায় রেখে তাদের জন্যও জম্পেশ খাবারের বন্দোবস্ত করছেন কাপুর পরিবার। শুধু ভেগানদের জন্যই থাকবে বিশেষ ২৫টি কাউন্টার। নিরামিষাশীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। সব মিলিয়ে খাবারের এলাহি আয়োজন হতে যাচ্ছে।

এম এস, ১০ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language