ঢালিউড

আবারও শুভেচ্ছাদূত হলেন সিয়াম

ঢাকা, ১৯ মার্চ – আবারও শুভেচ্ছাদূত হিসেবে বিখ্যাত সু-ব্র্যান্ড ‘বাটা’র সঙ্গে যুক্ত হলেন তারকা অভিনেতা সিয়াম আহমেদ। এর আগেও একই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বিভিন্ন এন্ডোরসমেন্টে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়ক। সেই ধারাবাহিকতায় পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আবারও চুক্তিবদ্ধ হন। গেল দুইদিন আগেই এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বলেন জানান ‘পোড়ামন ২’-খ্যাত এ তারকা।

তিনি বলেন, ‘আমি আগেও ‘বাটা’র সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। পুরো টিমটা এত চমৎকারভাবে তাদের পারফর্মারদেরকে সম্মান করেন এবং সহযোগিতা করেন, সেটা সত্যি অভাবনীয়। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব এনজয় করেছি যার দরুণ পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবারও তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছি কোম্পানিটির বাংলাদেশ অংশের শুভেচ্ছাদূত হিসেবে। আশা করছি পূর্বের মত এবারও তাদের সঙ্গে আমার যাত্রা এবং কাজ সুন্দর হবে।’

চলতি মাসের শেষের দিকে ব্র্যান্ডটির হয়ে তাদের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন বলে জানান সিয়াম।

অন্যদিকে, এখন সিয়াম কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। সেইসঙ্গে প্রস্ততি নিচ্ছেন তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শান’ এর প্রমোশন নিয়ে।

সিয়াম আহমেদ বলেন, ‘অনেক তো পেছালো, এবার আর হাল ছাড়ছি না। ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এরইমধ্যে হল বুকিংও শুরু হয়ে গিয়েছে। আর আমরা নতুনভাবে পরিকল্পনা করছি ছবিটির প্রমোশনের জন্য। শিগগিরই প্রমোশন শুরু হবে।’

এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language