ঢালিউড

‘নাকফুল’ থেকে সরে দাঁড়ালেন রোশান

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ‘নাকফুল’ শিরোনামে একটি সিনেমার জন্য গেল মাসে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক রোশান। আলোক হাসান পরিচালিত এ সিনেমাতে পূজা চেরির বিপরীতে রোশানের অভিনয় করার কথা থাকলেও অবশেষে ছবিটি থেকে সরে দাঁড়ালেন নায়ক।

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে এমন কথা জানান নায়ক রোশান নিজেই। সেখানে তিনি লিখেন, ‘আরটিভি প্রযোজিত “নাকফুল” ছবিটি আমি করছি না। আলোক হাসান, তোমার প্রথম ছবির জন্য শুভকামনা ভাই। ইনশা আল্লাহ, তোমার সঙ্গে আমার দ্রুতই কাজ হবে।’

রোশান জানিয়েছেন, শিডিউল সমস্যার কারণে কাজ করতে পারছেন না তিনি।

তিনি বলেন, ‘ছবিটি পরিচালক আলোকের প্রথম কাজ। মার্চ-এপ্রিলে শুটিং শুরু করতে চায় তারা। কিন্তু আমার তো হাতে শিডিউল নেই। আগামী মে মাস পর্যন্ত আমার আগের ছবির শিডিউল দেওয়া। তাই ছেড়ে দিলাম কাজটি। দুই দিন আগেই পরিচালককে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি।’

এই নায়কের কথা, পরিচালকের প্রথম কাজ এটি। দেরিতে শুটিং হলে কাজটি হাতছাড়াও হতে পারে পরিচালকের। তাতে পরিচালকের ক্ষতি হবে। রোশান বলেন, ‘আলোক ছোট পর্দা থেকে কাজ করতে আসছে। একজন সম্ভাবনাময় ছেলে। আমি চাই তার প্রথম কাজটি সুন্দরভাবে হোক। তার ভালোর জন্যই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’

এই অভিনেতা জানান, আরটিভির সঙ্গে তার বোঝাপড়া সুন্দর। তাদের প্রযোজিত ‘করপোরেট’ ও ‘আনন্দি’ নামে দুটি ছবির শুটিং শেষ হয়েছে। শিগগিরই নাম ঠিক না হওয়া আরেকটি ছবির শুটিং শুরু হবে।

এদিকে রোশানের জায়গায় এখন নতুন নায়ক খোঁজা হচ্ছে। এরই মধ্যে তিন-চারজনের সঙ্গে কথাও হয়েছে। দু-তিন দিনের মধ্যে জানানো হবে, জানালেন পরিচালক।

‘নাকফুল’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। আগামী এপ্রিলের প্রথম দিকে শুটিং শুরুর কথা। ছবির নায়িকা পূজা চেরি। আরও অভিনয় করবেন গাজী রাকায়েত, আলীরাজ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

এন এইচ, ২৭ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language