দেশে নিখোঁজ ৮-৯ জনের খোঁজ মিলেছে, আরও পাওয়ার সম্ভাবনা

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বাংলাদেশ থেকে নিখোঁজ হিসেবে জাতিসংঘের তালিকাভুক্ত ৭৬ জনের মধ্যে ৮ থেকে ৯ জনকে পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আরও বেশ কয়েকজনকে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানান তিনি।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, খোঁজ পাওয়াদের বিষয়ে আমরা ইউএন ওয়ার্কিং গ্রুপকে জানিয়েছি।
তিনি আরও বলেন, সরকার নিখোঁজদের বিষয়ে কাজ করছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এমন এক সময় এ তথ্য জানালেন, যখন সুইজারল্যান্ডের জেনেভায় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সংক্রান্ত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ ৫ দিনের বৈঠক করছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ বৈঠক আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ওয়ার্কিং গ্রুপটি বিশ্বের ২৪টি দেশ থেকে ৩০০ জনেরও বেশি লোকের নিখোঁজের ঘটনা খতিয়ে দেখছে।
সূত্র : বার্তা২৪
এম এস, ১০ ফেব্রুয়ারি









