ঢালিউড

সেই ফোনালাপ নিয়ে যা বললেন মাহি

ঢাকা, ০৬ ডিসেম্বর – সম্প্রতি ফাঁস হওয়া অডিও সংলাপ নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই অডিওকলে একটি পুরুষকণ্ঠ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বলে দাবি করা হচ্ছে।

মক্কায় ওমরাহ পালন করতে যাওয়া মাহি সেখান থেকেই এক ভিডিও বার্তায় নিজের অবস্থান সম্পর্কে জানান।

মাহি বলেন,‘আমার আসলে সেদিন আদৌ বলার কোনো ভাষা ছিল না। সেজন্য আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে, আমার পাশ কাটিয়ে যাওয়া উচিৎ। আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গিয়েছি। ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল এবং বরাবরে মতো আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, কোনো না কোনোভাবে তার রেজাল্টটা তিনি পেয়েছেন। এটা প্রমাণিত।’

মাহি ভিডিও কলে দাবি করেন, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে দুই বছর আগে তার ফোনালাপ হয়েছিল।

এই ফোনালাপ ফাঁসের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজের কাছে নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা নিজের থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল।’

ভিডিওবার্তায় মাহি বলেন, ‘আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

এম ইউ/০৬ ডিসেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language