কুমিল্লা

কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুন মামলার আরো ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লা, ২৭ নভেম্বর – কুমিল্লায় ওয়ার্ড কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার আসামি মো. আশিকুর রহমান রকি ও মো. আলম মিয়াকে লালমনিরহাটের চণ্ডিবাজার ও কুমিল্লার কোতোয়ালি থানার বড়জালা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেলকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে৷ এ মামলার এজহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি আশিকুর রহমান রকি ও মো. আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে কুমিল্লার চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মামলার এজাহার থেকে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরের পাথুরিয়া পাড়া এলাকার থ্রিস্টার এন্টারপ্রাইজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে আসামিরা কাউন্সিলর মো. সোহেল, তাঁর সহযোগী হরিপদ সাহা, কাউন্সিলরের অনুসারী মাজেদুল হক, মো. রাসেল মিয়া, মো. জুয়েল মিয়া, আওয়াল হোসেন রিজু ও সোহেল চৌধুরীকে গুলি করে। তাদের হাসপাতালে নেয়া হলে কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language