পটুয়াখালী

পটুয়াখালীতে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু, মেম্বার গ্রেপ্তার

পটুয়াখালী, ১৪ নভেম্বর – পটুয়াখালীর গলাচিপায় বিজয়ী মেম্বার ও তার সমর্থকদের হামলায় আহত দুদা পল্লান (৪৫) নামে পরাজিত মেম্বার প্রার্থীর এক সমর্থক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ওই যুবকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতেই নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে তালা প্রতীকের বিজয়ী প্রার্থী নাজিউরকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মেম্বারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ১১ নভেম্বরের নির্বাচনে গলাচিপা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন নাজিউর রহমান মঞ্জু। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই নাজিউরের নেতৃত্বে তার সমর্থকরা পরাজিত মেম্বার আপেল মার্কার কামাল গাজীর সমর্থক দুদা পল্লানের ওপর হামলা চালায়।

পরে গুরুতর আহত অবস্থায় দুদাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় দুদা’র মৃত্যু হয়।

এ ঘটনায় মামলার প্রধান আসামি বিজয়ী মেম্বার নাজিউর, ২ নং আসামি মো. নেছার হাওলাদার ও ১৯ নং আসামি জাকির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবার বাড়ি ৭ নং ওয়ার্ডের পক্ষিয়া গ্রামে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language