সংগীত

ডানা মেলেছে ইমনের ‘ইচ্ছে ডানা’

কলকাতা, ০৯ অক্টোবর – পূজা, ঈদ কিংবা অন্য বড় কোনো উৎসব মানেই তারকাদের নতুন কিছু নিয়ে ভক্তদের সামনে হাজির হওয়া। ওপার বাংলার গুণী কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীও এর ব্যতিক্রম নন। তাইতো শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ডানা মেলেছে ইমনের ‘ইচ্ছে ডানা’। এবারের পূজায় ‘ইচ্ছে ডানা’ শিরোনামের এ গানটিই ভক্তদের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ শিল্পীর উপহার।

‘ইচ্ছে ডানা’ গানটির কথা লিখেছেন মানিক বেরা। সুর ও ডিজাইন করেছেন নীলাঞ্জন ঘোষ। গানের ভিডিও নির্মাণ করেছেন শুভদীপ।

‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’র ইউটিউব চ্যানেল থেকে গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।

পূজার আগে গানটির মুক্তি দেওয়া প্রসঙ্গে ইমন চক্রবর্তী জানান, দুর্গাপূজা এসে গেছে, তাই পূজাতে নতুন গান ‘ইচ্ছে ডানা’ নিয়ে এলাম। গানের গীতিকার মানিক বেরার উদ্যোগেই গানটি করতে পেরেছি আমরা, ওকে অনেক ধন্যবাদ। আপনারা গানটি অবশ্যই শুনবেন। নতুন বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন।

গানটির বিষয়ে সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ জানান, পূজাতে নতুন বাংলা গান তৈরি করার রীতি বহু পুরোনো। আমরা সে ধারাটিই অব্যাহত রাখার চেষ্টায় নতুন গান ‘ইচ্ছে ডানা’ নিয়ে এসেছি। গানটির জন্য অসাধারণ একটা ভিডিও নির্মাণ করেছেন শুভদীপ। সবাই মিলে পাহাড়ে গিয়ে খুব আনন্দ করে শ্যুটিং করেছি আমরা। প্রতিবারের মতো এ গানের মধ্যে নতুন কিছু পরিবেশনা করার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে, পূজায় সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে যাবে।

কিছুদিন আগেই আকাশ চক্রবর্তীর কথায় ও নীলাঞ্জনের সুরে ইমনের গাওয়া কীর্তন ‘জগৎ সাজে বৃন্দাবন’ মুক্তি পেয়েছে।

এন এইচ, ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language