পটুয়াখালী

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ৩

পটুয়াখালী, ২৫ অক্টোবর- পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজী (৫৮) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. আমজেদ হোসেন (৫০), মো. নিজাম উদ্দিন (৫০) ও আনোয়ার হোসেন (৫৫)। তাদের মধ্যে আনোয়ার হেসেনের বাড়ি বরগুনা, নিজামের বাড়ি আমতলী এবং আনোয়ারের বাড়ি উপজেলার ধানখালী এলাকায়।

এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজীর স্ত্রী মোসা. হাবিবা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২২ অক্টোবর কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণহীন স্পিডবোট, নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছে

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, টাকা-পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়। আমিনুল ইসলামের লাশ উদ্ধারের সময় তার গলায় এবং নাকে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সময় স্ত্রী হাবিবা বেগমসহ তার সন্তানরা কেউ বাড়িতে ছিলেন না।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর উপজেলার লালুয়া ইউনিয়নের ছোট ৫ নং গ্রামের সাবেক ইউপি সদস্য নিজ বাড়ীতে শ্বাসরোধে এ হত্যাকান্ডের শিকার হন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এন / ২৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language