ঢালিউড

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মাহি!

ঢাকা, ২৫ আগস্ট – বিবাহ বিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দেখা যাচ্ছে এই নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় তাদের যুগল ছবি, ভিডিও ভেসে বেড়াচ্ছে।

এ দিকে আজ মাহি ফেইসবুকে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন: ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি।’

কী কারণে তিনি নিজেকে সুখী মানুষ বলছেন তা অবশ্য পরিষ্কার করেননি মাহি। তবে স্ট্যাটাসে এই চিত্রনায়িকা সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেছেন।

তবে এর আগে মাহির ফেইসবুক স্ট্যাটাসে বিরহের ইঙ্গিত লক্ষ্য করা গিয়েছিল। তিনি লিখেছিলেন: ‘জীবনে প্রত্যেকটা মানুষ, কমপক্ষে একটি মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসে! তারপর সে ঠকে যায়, হয়তবা ঠকায়; নয়তোবা পরিস্থিতি!’

এই বিরহ, এই উচ্ছ্বাস! বিষয়টি জানতে মাহির মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। যে কারণে তার উচ্ছ্বাসের সঠিক কারণও জানা যায়নি। বিয়ের বিষয়টি পরিষ্কার করে বলেননি এই নায়িকা। তবে এর আগে তিনি গণমাধ্যমে রাকিব সরকারের সঙ্গে সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’ বলেছেন।

লকডাউনের পর মাহি আজ থেকে ‘মাফিয়া’ নামে ওয়েব সিরিজের শুটিং করছেন। শাহীন সুমন পরিচালিত এই ওয়েব সিরিজের শুটিং উত্তরায় হচ্ছে।

এন এইচ, ২৫ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language