ভারতে শনাক্ত সাড়ে ৩৫ হাজার, মৃত্যু ৪৪৭

নয়াদিল্লি, ০৯ আগস্ট – ভারতে দৈনিক কোভিড সংক্রমণ গত তিন দিন ধরেই ৪০ হাজারের নীচে রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
দৈনিক মৃত্যুও দু’দিন ধরেই ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে পুরো মহামারি পর্বে ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৩০৯ জন। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ২ হাজার ১৮৮ জন।
ভারতের দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছেন কেরালা রাজ্যের। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০৭ জন। মহারাষ্ট্রে ৫ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,০৫০), তামিলনাড়ু (১,৯৫৬), কর্নাটক (১,৫৯৮), ওড়িশা (১,২৪৩)।
এ ছাড়া বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের কম রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশ কয়েকদিন ধরেই ৫০০-র আশপাশে ঘোরাফেরা করছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ আগস্ট ২০২১









