টলিউড

এখনও বামপন্থায় বিশ্বাস করেন সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা, ২৩ অক্টোবর- করোনাভাইরাস থেকে সেরে উঠলেও নানারকমের শারিরীক জটিলতায় এখনও হাসপাতালে শয্যাশায়ী কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি আজীবন বামপন্থায় আস্থা রেখে এসেছেন। বর্তমানে ধর্মের নামে গোঁড়ামি এবং বিভাজনের রাজনীতির খেলায় তিনি ব্যথিত। কিন্তু এখনও বিশ্বাস করেন, এই অবস্থার পরিবর্তন সম্ভব। তার বিশ্বাস এখনও বামপন্থায়। তবে বামপন্থীদের নিয়ে সংশয়ও আছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংশয় এবং প্রত্যয় ফুটে উঠেছে তার সর্বশেষ লেখায়।

আরও পড়ুন: আমার ডিকশনারিতে বিয়ে নেই

অসুস্থ হয়ে পড়ার আগে ভারতের শীর্ষ বামপন্থী রাজনৈতিক দল সিপিএমের প্রধান বাংলা মুখপত্রের শারদ-সংখ্যায় সৌমিত্র স্পষ্টভাবে লিখেছেন, ‘এখনও বিশ্বাস করি, বামপন্থাই বিকল্প’। লকডাউনের মধ্যে সিপিএমের চালু করা শ্রমজীবী ক্যান্টিনও তিনি পরিদর্শন করেছেন। নিজের রাজনৈতিক দর্শনে অটল থেকেই এবারের পুজোর লেখায় তিনি সরব হয়েছেন ধর্মীয় উন্মাদনা ও ভণ্ডামির বিরুদ্ধে।কৃষ্ণনগরে কাটানো ছোটবেলার স্মৃতি থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় তুলে এনেছেন ধর্মীয় ও সামাজিক আচারের প্রতি ভিন্ন সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধা ও সহিষ্ণুতার ছবি।

করোনা মহামারীতে এত মানুষের মৃত্যু আর আক্রান্ত হওয়ার দুঃসহ পরিস্থিতির মধ্যেও রামমন্দিরের শিলান্যাস এবং তাকে ঘিরে উন্মাদনায় সৌমিত্র চট্টোপাধ্যায় স্তম্ভিত হয়েছে। তিনি মন্তব্য করেছেন, ‘ভাবলে অবাক লাগে, যার আমলে ২০০২ সালে গুজরাটে ভয়ঙ্কর দাঙ্গা হলো, সেই তিনিই আজ ভারতবর্ষের মসনদে! ভারতবর্ষের মানুষ তাদের সহ্য করছেন, তাদেরকেই ভোট দিয়ে আবার জেতাচ্ছেন! তার একটা বড় কারণ আমার মনে হয়, মানুষ শক্তিশালী কোনও বিকল্প পাচ্ছেন না বা বুঝে উঠতেই পারছেন না।’

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতে, ‘আমার বিশ্বাস, বিকল্প কেউ হতে পারলে বামপন্থীরাই হতে পারেন’। নিজেই আবার সংশয়ের সুরে বলেছেন, ‘কিন্তু সেই দৃঢ়তা কোথায়? মানুষের মনে ভরসা তৈরি করতে পারছেন কোথায়? তবে অর্থনীতি থেকে রাজনীতি, সব সেক্টরেই চলতে থাকা ‘চালাকি’র বাইরে বামপন্থাই যে বিকল্প হতে পারে, সে কথা আবারও তিনি নিঃসংশয়ে প্রকাশ করেছেন। প্রবীণ এই অভিনেতার সুস্থ হয়ে ফেরার প্রতীক্ষায় আছে সবাই। সবার প্রিয় ‘ফেলুদা’ আবারও ফিরে আসুক রোগব্যাধি জয় করে।

আর/০৮:১৪/২৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language