নাটক

ক্যারিয়ারের জন্য নিজের প্রাইভেসি কোরবানি দিয়েছেন শবনম ফারিয়া

ঢাকা,২২ জুলাই – কোরবান শুধুই কি একদিনের পশু কোরবানি? তা হয়তো নয়। জীবনের নানা মুহূর্তেই আমাদের অনেক কিছু কোরবান করতে হয়। যেগুলোর অনেকটাই থেকে যায় অজানা। তারকাদের জীবনেও এমন শত ঘটনা ধীরে ধীরে এক সফল সেলিব্রেটিকে গড়ে তোলে। এই কোরবানির ঈদে এমন সব গল্প শুনিয়েছেন তারা। যেমন অভিনেত্রী শবনম ফারিয়া বললেন তার জীবনের কোরবানির কথা—

আমার জন্মের পর বাসায় একটা রেওয়াজ শুরু হয়, তা হলো আমার নামে খাসি কোরবানি দেওয়া। প্রতিবছর বাবা এই কাজটি করে আসতেন। ২০১৩ সালে তখন নাটকে মাত্র অভিনয় করেছি। বিশেষ করে স্থিরচিত্র শুট ও মডেলিং করি। বাবা একদিন জিজ্ঞেস করলেন, ‘তুমি বছরে কত টাকা ইনকাম করছো। বললাম, আড়াই লাখ টাকা। তিনি বললেন, তাহলে তো তোমার কোরবানি দেওয়া ফরজ।’ এরপর থেকে প্রতিবছর আমার নামেই কোরবানি হয়েছে। টাকাটা আমি দিতাম।

আর যদি জানতে চাওয়া হয়, ক্যারিয়ারের জন্য আমি কি কোরবান করেছি, তাহলে বলবো- সেটা হলো প্রাইভেসি।

আমার জীবন পুরোটাই পাবলিক। কোনও প্রাইভেসি নাই। মানুষ চাইলেই আমাকে নিয়ে যেকোনও কথা বলতে পারেন। হয়তো সে মানুষটি আমার সামনে নিজের কর্মগুণে দাঁড়ানোর যোগ্যতাও রাখেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে যা ইচ্ছে মন্তব্য করে দেন।

শুধু সোশ্যাল মিডিয়াই নয়, আমি আমার ব্যক্তিস্বাধীনতাও হারিয়েছি। ছোটবেলা থেকেই আমি একটু চঞ্চল। কিন্তু এখন চাইলেই আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি না। চাইলেই আমি দুষ্টামি করে কোনও মন্তব্য করতে পারি না। হয়তো কোনও পোস্ট লিখলাম, সেটা ভাইরাল হয়ে যায়। দিনকে দিন আমাকে অনেক কিছু ভেবে কথা বলতে হয়। এটা বড় ধরনের হারানো।

হয়তো আমার জীবনটা সহজ হতে পারতো। সেটা হতে পারেনি আমার ক্যারিয়ারের জন্য। আমি মনে করি, ক্যারিয়ারের জন্য আমার জীবনের বড় কোরবান এটাই।

এস সি/২২ জুলাই


Back to top button
🌐 Read in Your Language