ক্রিকেট

এবার টি-টোয়েন্টিতেও ফিরলেন সাকিব, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হারারে, ২২ জুলাই – আইসিসির কাছ থেকে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই ওয়ানডে ও টেস্টে ফিরেছেন সাকিব আল হাসান। অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা হলো তার। তাও কি না বাংলাদেশের শততম টি-টোয়েন্টি ম্যাচে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে।

ম্যাচের একাদশে সাকিব আল হাসান ছাড়াও রাখা হয়েছে আরও পাঁচ অলরাউন্ডারকে। তারা হলেন দুই পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিন এবং তিন অফস্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান ও আফিফ হোসেন ধ্রুব।

গত এপ্রিলে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে আনা হয়েছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদকে।

এই পাঁচজনের জায়গা নিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে টস হেরে ২৫টি ম্যাচে আগে ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশকে। সেই ২৫ ম্যাচে জয় মিলেছে মাত্র ৫টিতে।

আর হিসেবটা শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের করা হলে, এখনও পর্যন্ত দলটির বিপক্ষে ৪ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। যেখানে জয় পাওয়া গেছে মাত্র একবার।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, লুক জঙ্গি, ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজুরাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও তারিসাই মুসাকান্দা।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২২ জুলাই


Back to top button
🌐 Read in Your Language